বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর রহস্য উদঘাটনে জেরিকা তাসমিন দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণী তাহসিফের কথিত ‘বান্ধবী’ বলে জানা গেছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের উদ্দেশে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে গত ২৭ অক্টোবর রাতের একটি সিসিটিভি ফুটেজে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ তাহসিফ, তার জুনিয়র বন্ধু দীপ এবং তরুণী দিশার প্রবেশের দৃশ্য ধরা পড়ে।
ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন রাত ১০টা ১৭ মিনিটে একটি মোটরসাইকেলে করে তাহসিফ ও ওই তরুণী রেস্টুরেন্টে পৌঁছান। এর কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে আসেন দীপ। পরে তিনজন একসঙ্গে লিফটে করে ওপরে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হয়ে মোটরসাইকেলে করে চলে যান তারা। রেস্টুরেন্ট ত্যাগের পর তারা কোথায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখছে তদন্ত দল।
তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এর আগে তার জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীপের দেওয়া তথ্যে অসংগতি পাওয়ার পর পিবিআই বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করে।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দিশাকে রিমান্ডে নিয়ে দীপের দেওয়া জবানবন্দি, পরিবারের করা মামলার এজাহার, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত একসঙ্গে মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মৃত্যুর আগের মুহূর্তে আসলে কী ঘটেছিল এবং এর পেছনে অন্য কোনো রহস্য বা কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা বের করার চেষ্টা চলছে।





