কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা শেষে বাসায় ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল।

এ সময় পেছন থেকে আকস্মিকভাবে এসে ইমন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ওই ছাত্রীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সে বর্তমানে আশঙ্কামুক্ত।

সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হামলাকারীকে শনাক্ত করে। গ্রেপ্তারকৃত ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর ধরে তার পরিবার শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস করে আসছে। ইমন নিজেও একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাইয়ের মধ্যে ছোট ইমন মায়ের সঙ্গে বাড়িতে থাকত, তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন।

ঘটনার পরপরই বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারসহ আত্মগোপনে চলে গিয়েছিল সে। তবে পুলিশের নিরবচ্ছিন্ন নজরদারি ও সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত পাটিকাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর ছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করা হবে।

এদিকে, প্রকাশ্যে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।