সৌদির মদিনা অঞ্চলের তেল পাইপলাইনে হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা হয়েছে। সোমবার দেশটির মদিনা অঞ্চলে পাইপলাইনটিতে এ হামলা চালানো হয় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এতে সামান্য আগুনের সূত্রপাত হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহত বা পাইপলাইনের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য এটি বন্ধ রাখতে হয়েছিল। ওই হামলার জন্য ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বব্যাপী দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবের জন্য পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবেশী দেশগুলোর তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এই বিকল্প পথের কারণে সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের প্রভাব এড়াতে পেরেছে।

এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তা করতে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি স্পষ্ট করে বলেছেন, ইয়েমেনে সিরিয়ার কোনো সেনা মোতায়েন নেই এবং নিকট ভবিষ্যতে সেনা পাঠানোর পরিকল্পনাও সরকারের নেই।

এক সংবাদ সম্মেলনে আল-শাইবানি বলেন, ‘ইয়েমেনে সেনা মোতায়েন করা হয়নি। নিকট ভবিষ্যতে সেখানে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনাও নেই।’

এর কয়েক দিন আগে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইয়েমেনের কয়েকটি সূত্র জানিয়েছিল, সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তা করতে সিরিয়ার সেনারা ইয়েমেন ও সৌদি আরবে অবস্থান করছেন। ইরানের মিত্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে এই জোট।

সূত্র : রয়টার্স