পালিয়ে গিয়ে বড় বড় কথা না বলে আ.লীগকে মানুষের মুখোমুখি হওয়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষের প্রতি বিশ্বাস এবং নিজেদের ওপর আত্মবিশ্বাস না থাকায় বিগত আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন এবং নেতাকর্মীদের পঙ্গু করার ঘটনাগুলোর বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে। আইনের প্রয়োগ সবার ক্ষেত্রে সমানভাবে নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আপনারা যে পরিমাণ সম্পদ বণ্টন করেছেন এবং মানুষকে যেভাবে অশান্তিতে রেখেছেন, তার হিসাব সবাইকে দিতে হবে। প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে। পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এখন বড় বড় কথা না বলে দেশে ফিরে মানুষের সামনে দাঁড়ান। মানুষ যদি আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৫০ শয্যাবিশিষ্ট দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফটকাবাজি, বোমাবাজি, বাস ও ডাকঘরে আগুন দেওয়া এবং মানুষকে উসকানি দেওয়ার মতো কর্মকাণ্ড আওয়ামী লীগের ইতিহাসের অংশ। এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তারা আবারও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে শান্তিপ্রিয় মানুষকে অশান্তিতে রাখতে চায়। তবে দেশের মানুষ শান্তিপ্রিয় হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জানে। মানুষ যখন প্রতিরোধের আগুনে জ্বলে উঠবে, তখন কোনো বাহিনী দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. অহিদুর রহমান তৌহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।