রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ জন্য এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করা এবং বিভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যেতে পারে।
গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন ধরে কার্যক্রম পরীক্ষা করে কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে বায়েরা থেকে অনুমোদন নেওয়া হবে। অনুমোদন পাওয়া গেলে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। দুই রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। কোনো সমস্যা নেই, তা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করে সব বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।





