পরীমণি–অপু বিশ্বাসের বিরোধের নেপথ্যে যে কারণ

ঢাকাই চলচ্চিত্রের দুই আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে কথার লড়াই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির কটাক্ষের পর এবার প্রকাশ্য অনুষ্ঠানে তার জবাব দিয়েছেন অপু বিশ্বাস। এ সময় পরীমণির অভিনয়জীবন ও সিনেমার সাফল্য নিয়েও মন্তব্য করেন তিনি।

ঘটনার সূত্রপাত ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে অপু বিশ্বাসের একটি বক্তব্যকে কেন্দ্র করে। অপু বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না।

অপুর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমণি। নিজের পোস্টে প্রথমে অপুর বক্তব্য আরও স্পষ্ট করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি লাইভে পণ্যের প্রচার করা ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে আপত্তির কারণ জানতে চান।

একপর্যায়ে পরীমণির পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে রূপ নেয়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন তিনি। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরি করার কথাও লেখেন পরীমণি।

রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে বিষয়টি নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। পরীমণির পোস্টের জবাবে তিনি দাবি করেন, পরীমণির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন।

এরপর পরীমণিকে উদ্দেশ করে অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা নিয়েও কথা বলেন অপু। তিনি জানান, ফেসবুকে খুব বেশি সময় কাটান না। পরিচিতজন ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন। তাকে নিয়ে অন্যদের পোস্ট করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। অপু বলেন, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

এবারই প্রথম নয়, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই অভিনেত্রীর মধ্যে পরোক্ষ বাক্যবিনিময় দেখা গেছে। গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহণের পর পরীমণির একটি পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছিল।

সেবার নিজের পোস্টে পরীমণি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ একই পোস্টে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেছিলেন তিনি। যদিও সেই পোস্টেও সরাসরি অপুর নাম উল্লেখ করেননি পরীমণি।