অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন দেশের বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘ পাঁচ দশকের অভিনয়যাত্রায় নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর পরিচয় দিয়েছেন তিনি। অভিনয়ে দীর্ঘদিনের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর এটি ২৫তম আসর।
১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আজিজুল হাকিম। এরপর দীর্ঘ পথচলায় কাজ করেছেন দেশের খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে। তাঁদের মধ্যে রয়েছেন হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীসহ অনেকে।
অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি এবং সিজেএফবির বিশেষ সম্মাননা প্রাপ্তির বিষয়ে আজিজুল হাকিম বলেন, ‘আমার ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর- এই দুয়ের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে।’
এবারের আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল। এ ছাড়া টেলিভিশন নাটকে ২৫ বছরের অবদানের জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকার।
সিজেএফবির ২৫তম এই আয়োজনের মধ্য দিয়ে দেশের বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরে অবদান রাখা শিল্পী ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি দেওয়া হবে।





