পরিচ্ছন্নতার নতুন ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে রাজধানীর চিত্র

ভোরের আলো ফোটার আগেই পরিচ্ছন্নতাকর্মীরা নেমে পড়ছেন সড়কে। নগরবাসীর ঘুম ভাঙার আগেই পরিষ্কার হচ্ছে রাস্তা ও ফুটপাত। বাসাবাড়ির বর্জ্য নির্ধারিত ভ্যানগাড়িতে সরাসরি চলে যাচ্ছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস)।

দিনের ব্যস্ত সময়ে সড়কের পাশে ময়লার স্তূপ, বর্জ্যবাহী গাড়ি থেকে দুর্গন্ধযুক্ত পানি পড়া কিংবা পরিচ্ছন্নতাকর্মীদের কারণে যান ও পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টির পুরোনো চিত্রও অনেক এলাকায় কমে এসেছে। বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে নতুন ব্যবস্থাপনা, সময়ভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম এবং কঠোর নজরদারিতে বদলাতে শুরু করেছে রাজধানীর পরিচ্ছন্নতার দৃশ্যপট।

এক সময় রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি— সর্বত্রই ছিল বর্জ্য ব্যবস্থাপনার নানা অনিয়ম। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ না হওয়ায় রাস্তার পাশে জমে থাকত ময়লা। খোলা ট্রাকে বর্জ্য পরিবহনের সময় সড়কে ছড়িয়ে পড়ত আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি। এতে পরিবেশদূষণের পাশাপাশি ভোগান্তিতে পড়তেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রমে সময়ানুবর্তিতা, জবাবদিহি ও আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে।

নতুন ব্যবস্থাপনায় ভোরের মধ্যেই সড়ক ও ফুটপাত পরিষ্কারের কাজ শেষ করার ওপর জোর দেওয়া হচ্ছে। বাসাবাড়ি থেকে সংগৃহীত বর্জ্য নির্ধারিত ভ্যানগাড়িতে করে সরাসরি এসটিএসে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এতে দিনের বেলায় সড়কে বর্জ্য জমে থাকার প্রবণতা কমছে। পাশাপাশি বর্জ্য পরিবহনে শৃঙ্খলা আনতে গাড়ি ব্যবস্থাপনা, এসটিএসের পরিচ্ছন্নতা এবং সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনে নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বাসসকে বলেন, নির্ধারিত এসটিএসের বাইরে রাস্তার ওপর কিংবা অন্য কোথাও বর্জ্য ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য ভ্যানগাড়িতে করে সরাসরি এসটিএসের ভেতরে ফেলতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে আধুনিক ও দৃষ্টিনন্দন এসটিএস নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। মিরপুর ১৪ নম্বর সেক্টরে ৩ হাজার ১৫০ বর্গফুট আয়তনের (১০০ ফুট দীর্ঘ) একটি এসটিএস দ্রুত নির্মাণ করা হয়। এরফলে পাশের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দুর্গন্ধ এবং পরিবেশগত ভোগান্তি অনেকটা লাঘব হয়েছে।

এসটিএসের ভেতরে ও সামনের অংশ প্রতিদিন পানি দিয়ে ধোয়া এবং দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে ব্লিচিং পাউডার ছিটানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সড়কে বর্জ্য ফেলে নাগরিক চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার বিষয়েও কঠোর নির্দেশনা রয়েছে।

বর্জ্যকে শুধু অপসারণযোগ্য আবর্জনা হিসেবে না দেখে সম্পদে রূপান্তরের পরিকল্পনাও নিয়েছে ডিএনসিসি। প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রতি শনিবার ডিএনসিসি ও ডিএসসিসির বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে নিয়মিত বর্জ্য অপসারণের পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, বর্জ্য অপসারণে গাফিলতি কিংবা অনিয়ম সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাসাবাড়ি থেকে প্রতিদিন নিয়মিত বর্জ্য অপসারণ না করলে কিংবা নির্ধারিত ১০০ টাকার বেশি ফি আদায় করলে সংশ্লিষ্ট বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স বা টেন্ডার বাতিল করা হবে। ‘দিনের বর্জ্য দিনেই অপসারণ’ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, নাগরিক সেবা প্রদানে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। তদারকিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে খোলা অবস্থায় বর্জ্য পরিবহনের কারণে সড়কে ময়লা ছড়িয়ে পড়া ও দুর্গন্ধ সৃষ্টি বন্ধে গাড়িচালক এবং সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বর্জ্যবাহী গাড়ি যেন নিজেরাই দূষণের উৎসে পরিণত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের সুফল স্থায়ী করতে নাগরিকদের দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, খাল ও নর্দমায় আবর্জনা না ফেলা এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সহযোগিতা করা গেলে নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা আরও কার্যকর হতে পারে।