বর্তমান যুগে জার্সি শুধু খেলোয়াড়দের পোশাক নয়, বরং এটি দৈনন্দিন জীবনের একটি জনপ্রিয় ফ্যাশনে পরিণত হয়েছে। খেলাধুলার বড় বড় আসরগুলোতে জার্সির ব্যবহার যেমন বৃদ্ধি পায়, তেমনি সচেতন মুসলমানদের মনে প্রশ্ন জাগে যে জার্সি পরে নামাজ পড়া কতটুকু বৈধ।
মূলত পোশাক পাক-পবিত্র হওয়া, সতর ঢাকা এবং তা শালীন ও শরিয়তসম্মত হওয়া নামাজ শুদ্ধ হওয়ার মৌলিক শর্ত।
ইসলামি বিধান অনুযায়ী, জার্সি নিজে কোনো নিষিদ্ধ পোশাক নয়, তাই সাধারণ জার্সি পরে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হয়ে যায়। তবে অনেক জার্সিতে মানুষ কিংবা বিভিন্ন প্রাণীর ছবি বা প্রতীক থাকে। পোশাকে যদি এমন কোনো প্রাণীর ছবি থাকে যার মুখমণ্ডল ও অঙ্গ-প্রত্যঙ্গ স্পষ্টভাবে দৃশ্যমান হয়, তবে তা পরিধান করা এবং তা পরে নামাজ আদায় করা মাকরূহ।
অবশ্য এতে নামাজ ভেঙে যায় না, নামাজ শুদ্ধ হয়ে গেলেও ছবি-মুক্ত পোশাক পরাই উত্তম।
এছাড়া অনেক আন্তর্জাতিক ক্লাব বা দলের জার্সির লোগোতে খ্রিষ্টধর্মের প্রতীক ক্রসচিহ্ন দেখা যায়. হাদিসের নির্দেশনা অনুযায়ী রাসুলুল্লাহ (সা.) ক্রসচিহ্নযুক্ত বস্তু পছন্দ করতেন না। তাই সুস্পষ্ট ক্রসচিহ্নযুক্ত জার্সি পরিধান করে নামাজ আদায় করা অত্যন্ত অপছন্দনীয় বা মাকরূহ.
ব্যবসার ক্ষেত্রে, প্রাণীর ছবি কিংবা ক্রসচিহ্নযুক্ত জার্সি বিক্রি করা সরাসরি হারাম না হলেও তা মাকরূহ এবং অনুৎসাহিত ব্যবসা। তবে যেসব জার্সি ছবি-মুক্ত, ক্রস-মুক্ত এবং আপত্তিকর স্লোগানবিহীন, সেগুলোর ব্যবসা করা সম্পূর্ণ হালাল।
একজন মুসলিম ব্যবসায়ীর জন্য উপার্জনের হালাল-হারামের প্রতি সচেতন থেকে সন্দেহজনক বিষয় পরিহার করে কাস্টম ডিজাইন বা সাধারণ স্পোর্টস জার্সির ব্যবসা করাই অধিক নিরাপদ ও তাকওয়ার দাবি।





