ইরানে যেকোনো মুহূর্তে হামলা চালানোর হুমকি ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, প্রয়োজনে যেকোনো মুহূর্তে এককভাবে ইরানে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন দাবি করেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকেও সরে আসেনি তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিতই পরস্পরকে হুমকি দিয়ে আসছে ইসরায়েল ও ইরান। গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, তেহরান ইসরায়েলে হামলা চালালে বোমা বর্ষণ করে ইরানকে ‘প্রস্তর যুগ ও অন্ধকারে’ ফিরিয়ে নেওয়া হবে।

নিষেধাজ্ঞা ও যুদ্ধ ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি
এদিকে শত্রুদের চাপ মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

নতুন একটি নগর রেলপথ নির্মাণের প্রথম ধাপ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা ইরানের অগ্রগতি চায় না। সব মতপার্থক্য দূরে সরিয়ে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের শক্তি ও জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করে দেশের প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তা সত্ত্বেও ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে চলেছে।