‘দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মাইর খাওয়ার মধ্যে নাই’

‘সবুর-মবুর এখন বাদ। না, না-কোনো সবুর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মাইর খাওয়ার মধ্যে নেই। একটা মারলে দুটো মারব, সেই ব্যবস্থা করছি-এমনই মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে হামলায় আহত জামায়াতের নেতাকর্মীদের দেখতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন।

এই বক্তব্যের ১১ সেকেন্ডের একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালে আহতদের খোঁজখবর নেওয়ার সময় আমির হামজাকে বলতে শোনা যায়,সবুর-মবুর এখন বাদ, না না কোন সবুর নাই দরকার হয় জামায়াত ছেড়ে দিবে। মাইর খাওয়ার মধ্যে নেই। মাইর খাওয়ার মধ্যে নেই,একাট মারলে দুটো মারবো সেই ব্যবস্থা করছি।

এ ব্যাপারে জানতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মুঠোফোন একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। সে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধে জামায়াত নেতা মো. শাজাহানের অফিস ও বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অনন্ত পাঁচজন আহত হন।

জামায়াত নেতা মো. শাহজাহানের অভিযোগ, গড়াই নদের বালু মহল থেকে বালুবাহী ট্রাক যাতায়াতের ফলে এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সম্প্রতি কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গিয়ে বাল উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশের পর জামায়াত নেতাকর্মীরা রাস্তায় ব্লগ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। এরজের ধরে বিএনপির নেতাকর্মীরা তার অফিস ও বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণ করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতাকর্মীরা বলেন, জামায়াত নেতা শাজাহান বালু মহাল থেকে এর আগে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। কিন্তু এখন তিনি এক লাখ টাকা করেছেন দাবি করছেন। এই হামলার ঘটনা নিজেদের সাজানো বলেও দাবি তাদের।