সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকেই রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে সাজ্জাদ তালুকদারকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান জানান, রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাজ্জাদ তালুকদারকে আটক করা হয়েছে।
শনিবার সকালেই তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।





