প্রায় মাসখানেক পর আজ (২৯ নভেম্বর) সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। কারখানাগুলোতেও উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক হতে শুরু করেছে।
শিল্প পুলিশ জানায়, গাজীপুরে ছোট বড় মিলিয়ে দুই হাজারের অধিক পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে চলমান মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষে মুখে শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৪২টি কারখানা। বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শ্রমিকরাও মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন।
শিল্পাঞ্চলের পল্লীবিদ্যুৎ, কোনাবাড়ি, গাজীপুরা, ছয়দানা, সালনা, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও মাওনা এলাকার কারখানাগুলো কাজে ফিরেছে। সকাল ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অসন্তোষের খবর পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৬ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন আনসার ছাড়াও এসআরবি ছাড়াও জেলা ও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শিল্প পুলিশ সচেষ্ট রয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।





