আলবেনিয়ার স্বাধীনতা দিবসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আলবেনিয়ার রাজধানী তিরানায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সহিংস সংঘর্ষে রূপ নেয়। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে হাজারো মানুষ সমবেত হন। শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর ডাকে হওয়া কর্মসূচিতে বিক্ষোভকারীদের একাংশ পাথর ও পেট্রলবোমা ছোড়েন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দুজন সাংবাদিক রয়েছেন।

বিক্ষোভকারীদের একটি অংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। আলবেনিয়ার স্বাধীনতা ঘোষণার ১১৪তম বার্ষিকীতে এ সমাবেশ হয়।

আন্দোলনের সূত্রপাত মে মাসে দক্ষিণ উপকূলে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্প ঘিরে। প্রকল্পটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট। পরে দুর্নীতির অভিযোগ, স্বাস্থ্যসেবার দুরবস্থা এবং তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও বিক্ষোভের দাবিতে যুক্ত হয়।

রামা পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রত্যাশী আলবেনিয়ায় চলমান অস্থিরতা সরকারের ওপর চাপ বাড়াচ্ছে।