পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ আজ (শনিবার) প্রতিরক্ষা বাহিনী প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) সদর দপ্তর থেকে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত পাকিস্তানের প্রথম নভোচারী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। এ সময় উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং উপস্থিত ছিলেন।
উইং কমান্ডার জিশান আলী ২০২৬ সালের ২৫ নভেম্বর জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে চীনের শেনঝো-২৪ মহাকাশযানে চড়ে ইতিহাস সৃষ্টি করেন। এর মাধ্যমে তিনি পৃথিবীর কক্ষপথে প্রবেশকারী প্রথম পাকিস্তানি এবং চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে মানববাহী মহাকাশ কর্মসূচিতে যোগ দেওয়া প্রথম বিদেশি নভোচারী হওয়ার গৌরব অর্জন করেন। এই অভিযানে তিনি পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভাবিত চারটি পরীক্ষাসহ উন্নত উপকরণ, কৃষি ও জীববিজ্ঞান-সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণায় অংশ নিচ্ছেন।
নভোচারীর সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক জাতীয় অর্জনে গভীর গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, এই অভিযান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় পাকিস্তানের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। অভিযানটি সফল করতে চীনের সহায়তা ও সহযোগিতার প্রশংসা করার পাশাপাশি তিনি সুপারকো, পাকিস্তানি বিজ্ঞানী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনে উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির নভোচারীকে অভিনন্দন জানিয়ে বলেন, চীনা মহাকাশ স্টেশনে তাঁর উপস্থিতি দুই দেশের দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্বের এক গর্বিত নিদর্শন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির এই সময়ে ঐতিহ্যগতভাবে ‘হিমালয়ের চেয়ে উঁচু এবং সমুদ্রের চেয়ে গভীর’ হিসেবে বর্ণিত পাকিস্তান-চীন বন্ধুত্ব এখন আকাশকেও ছাড়িয়ে গেছে।
এই ঐতিহাসিক অভিযান মানববাহী মহাকাশযাত্রা, বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত প্রযুক্তিতে পাকিস্তান-চীন সহযোগিতার এক গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। এটি উভয় দেশ ও মানবজাতির কল্যাণে জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং ভবিষ্যতে যৌথ মহাকাশ গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে।





