জুড বেলিংহ্যামকে লাল কার্ড দেখানোয় রেফারি গিয়ের্মো সোতো গ্রাদোর ওপর ক্ষোভ ঝেড়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার বিরুদ্ধে তারকা খেলোয়াড়দের প্রতি ব্যক্তিগত বিদ্বেষের ইঙ্গিতও দিয়েছেন পর্তুগিজ কোচ।
শনিবার (২৮ নভেম্বর) আলাভেসের কাছে ঘরের মাঠে মৌসুমের প্রথম হারের পর এমন মন্তব্য করেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচ কিকে সানচেজ ফ্লোরেসের কৌশলের প্রশংসা করলেও রেফারিকে নিয়ে ক্ষুব্ধ ছিলেন মরিনিও। বেলিংহ্যামের লাল কার্ডের সিদ্ধান্তের প্রসঙ্গে অতীতের কয়েকটি ঘটনাও তুলে ধরেন তিনি। ২০২৫ সালের এপ্রিলে কিলিয়ান এমবাপ্পে এবং একই বছরের জানুয়ারিতে ভিনিসিয়ুস জুনিয়রকে লাল কার্ড দেখানোর বিষয়টি উল্লেখ করেন রিয়াল কোচ।
মরিনিও বলেন, ‘মাঠে বল ছোড়া এবং পাঁচ সেকেন্ড সময় নেওয়ার ক্ষেত্রে রেফারি খুব উদার ছিলেন। দুই মৌসুম আগে এই রেফারি এমবাপ্পেকে লাল কার্ড দেখিয়েছিলেন, গত মৌসুমে ভিনিসিয়ুসকে, এবার বেলিংহ্যামকে। দেখা যাক, আগামী মৌসুমে কোর্তোয়ার পালা আসে কি না। আমার মনে হয়, এই রেফারি নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করেন, নিজেকে অসাধারণ প্রমাণ করতে চান।’
বেলিংহ্যামের লাল কার্ডের পাশাপাশি পেনাল্টি বিতর্ক নিয়েও কথা বলেন মাদ্রিদ কোচ। তিনি বলেন, ‘সত্যি বলতে, বেঞ্চে বসে পেনাল্টির ঘটনাটি দেখেছিলাম। আমার কাছে সিদ্ধান্তটি সন্দেহজনক মনে হয়েছে। কিন্তু জুড বলেছে, এটি পেনাল্টি। খেলোয়াড় যখন পেনাল্টি বলে, তখন আমাকে সেটি বিশ্বাস করতে হবে।’
রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ থাকলেও দলের শারীরিক সক্ষমতার ঘাটতিকে হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন মরিনিও। আলাভেসের রক্ষণাত্মক কৌশল অপ্রত্যাশিত ছিল না জানিয়ে তিনি বলেন, ম্যাচের আগে অনুশীলনেও এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলার প্রস্তুতি নিয়েছিল দল।





