বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ও জাপানের পেশাদার ক্লাব এফসি ইমাবারি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং খেলোয়াড় ও কোচ তৈরির ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য।
এ উদ্যোগের অংশ হিসেবে আজ রোববার সকালে এফসি ইমাবারির একটি প্রতিনিধিদল যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ও স্থানীয় অবকাঠামো ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ব্রিফিংয়ে জানানো হয়, পরবর্তীতে এফসি ইমাবারির আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারপরপরই ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছেন তারা।
চুক্তি বাস্তবায়িত হলে এফসি ইমাবারির সহযোগিতায় উন্নত কোচিং, মেধা অন্বেষণ ও বিকাশ এবং খেলোয়াড় বিনিময় কর্মসূচি পরিচালনা করা সম্ভব হবে। ব্রিফিংয়ে আশা প্রকাশ করা হয়, জাপানের পেশাদার লিগের একটি ক্লাবের সঙ্গে এ সহযোগিতা দেশের ফুটবল অবকাঠামোর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।
এসময় এফসি ইমাবারির স্পন্সর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামসুল বারী শিমুল ও যুগ্ম পরিচালক মাসুদুর রহমান টনি উপস্থিত ছিলেন।





