চিরায়ত নিয়মেই হবে বইমেলা

সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই হতে যাচ্ছে বইমেলা। তবে বদলাতে পারে তারিখ, যা এখনও চূড়ান্ত নয়।

রোববার (১৩ ডিসেম্বর) জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, বইমেলা ভার্চুয়ালই নয় চিরায়ত নিয়মেই হবে। তবে তারিখ পরিবর্তন হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা হবে তার একটি দিকনির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমীর কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।  

বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে আলোচনা শেষে প্রকাশক সমিতির নেতারা এ তথ্য জানান।

চলমান মহামারি করোনাভাইরাসের কারণে এবারের বইমেলা ভার্চুয়ালি করার পরিকল্পনা ছিল।