গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলো নরসিংদীর মনোহরদী উপজেলার নলুয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে তুষার (২৬) ও কাপাসিয়ার দস্যু নারায়ণপুর এলাকার স্বপন চন্দ্র দেবনাথের ছেলে রুদ্র চন্দ্র দেবনাথ (৭)। নিহত রুদ্র মনোহরদীর একটি স্কুলের ছাত্র ছিল।
কাপাসিয়া থানার উপপরিদর্শক আশরাফুল্লাহ জানান, আজ দুপুরে কাপাসিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে শ্রীপুর যাচ্ছিলেন তুষার। পথে কাপাসিয়া-গোসিঙ্গা (শ্রীপুর) সড়কের দস্যু নারায়ণপুর এলাকায় শিশু রুদ্র চন্দ্র দেবনাথ রাস্তা পার হওয়ার জন্য হঠাৎ দৌড় দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলের ধাক্কায় রুদ্র আহত হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক তুষারও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে।





