বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে দুই বাইক আরোহী নিহত

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সরদার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইল সদরের আকছিয়ার মোল্যার ছেলে রানা এবং নড়াইল সদরের পচিশিয়ার হালিম মোল্যার ছেলে নাসিম।

স্থানীয় কয়েকজন জানান, বেলা পৌনে ১২টার দিকে সরদার জুট মিলের গেটের সামনে একটি বাস ও আলুবোঝাই ট্রাকের মাঝে ঢুকে যায় একটি বাইক। এতে ঘটনাস্থলেই মারা যান রানা ও নাসিম। ক্ষতিগ্রস্ত হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে অভয়নগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।