হোয়াইটওয়াশের সঙ্গে ১০ পয়েন্ট চান তামিম

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খুব একটা লড়াই করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল সোমবার চট্টগ্রামে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

সিরিজ জিতলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট তুলে নিতে চান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপ সুপার লিগ শুরু করছে বাংলাদেশ। এই লিগ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব ধরা হচ্ছে। আয়োজক দেশ ভারতসহ সুপার লিগের প্রথম সাতটি দল বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। বাকি দলগুলোকে খেলতে হবে আরেকটি বাছাই পর্ব।

ওই বাছাই পর্বে না খেলে যাতে সরাসরি বিশ্বকাপ খেলা যায় সে জন্য এখন থেকেই সুপার লিগের পয়েন্টে নজর দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। আজ রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এরই মধ্যে আমরা সিরিজটি জিতেছি। কিন্তু এখনো আরো ১০ পয়েন্ট অর্জন বাকি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ভালো করতে পারেনি। কিন্তু ওরা ভয়ংকর দল; যেকোনো সময় কামব্যাক করার মতো সামর্থ রাখে।’

শেষ ওয়ানডের একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগেরদিন তেমনই আভাস দিয়ে রাখলেন অধিনায়ক, ‘আমরা হয়তো, কিছুটা পরিবর্তন (একাদশে) আনতে পারি। তবে একাদশে যেই আসুক না কেন, সবার ম্যাচ জেতানোর মতো ক্ষমতা আছে। আমি মনে করি, ড্রেসিং রুমে সবার মধ্যে জয়ের অনেক খুদা রয়েছে। সবাই মাঠে নিজেদের প্রমাণ করতে চায়। আগামীকাল অনেকগুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের। হ্যাঁ, আমরা সিরিজটি জিতেছি ঠিক, কিন্তু আরো ১০ পয়েন্ট অর্জন করতে হবে।’