দেশে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার

দেশের অধিকাংশ মানুষকে কোভিড-১৯ পরীক্ষার আওতায় আনতে এবার র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার। আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেয়া নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই প্রেক্ষিতে এবার সরকার এটি চালু করার অনুমতি দিয়েছে। এখন থেকেই গণহারে অ্যান্টিবডি টেস্ট করা যাবে।

অ্যান্টিবডি টেস্ট দিয়ে মূলত শরীরে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে কি না- তা খতিয়ে দেখা হয়। এক্ষেত্রে নমুনা হিসেবে রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। খুব অল্প সময়ের ব্যবধানে এটা করা সম্ভব হয়। ফলে এক সঙ্গে অনেককে পরীক্ষার আওতায় আনা সম্ভব।

corona test

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ভারত থেকে আমরা ২০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পেয়েছি। আগামীকাল সোমবার আরো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে বলে আশা করছি। সে জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট থেকে উৎপাদিত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশে আমদানি করা হচ্ছে। জনগণের মাঝে এগুলো বিনামূল্যে সরবরাহ করবে সরকার।