মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়ক অধ্যায়ে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। গত বছর নেতৃত্ব ছাড়ার পর নিয়মিত ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।
নেতৃত্ব পাবার পর নিউজিল্যান্ডই প্রথম সফর তামিম ইকবালের। এমন একটা সফরের নেতৃত্বে তামিম, যেখানে আদৌ কোনো ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ।
তাই কঠিন পরীক্ষা তামিমের সামনে। না পাওয়াকে পাওয়ার চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২০ মার্চ।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন কোচ কোচ ড্যানিয়েল ভেট্টরি। তিনিও এই সফরকে কঠিন মানছেন ঠিকই তবে এটিও মানছেন, বাংলাদেশ দলের সৌভাগ্য যে তামিমের মতো অধিনায়ক পেয়েছে।
ভেট্টরির এমনটা বলার কারনও আছে। এ নিয়ে জাতীয় দলের হয়ে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে গেলেন তামিম। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা দেশ সেরা এই ওপেনারের। কিউইদের মাটিতে। খেলেছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও।
‘আমার মনে হয়, এটা বাংলাদেশের সৌভাগ্য, এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পারায়। সে খুবই খোলা মনের মানুষ, এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। সে বোঝে, আগে এখানে কোন ব্যাপারগুলি কাজ করেনি আর কোন ব্যাপারগুলি এখানে কার্যকর হবে। আমাদের শুরু করার জন্য এটি খুব ভালো একটি দিক।’

এর আগে নিউজিল্যান্ডের মাটিতে একটা ম্যাচও না জেতা বাংলাদেশ দল এবার কিছু পাওয়ার আশায় লড়বে বলে মনে করছেন টাইগারদের স্পিন কোচ।
‘আমার মনে হয়, বাংলাদেশ এই সিরিজে কিছু জিনিস চেষ্টা করবে। আমরা জানি নিউ জিল্যান্ড দারুণ একটি দল, যারা খুব ভালো খেলছে। আশা করি, আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পেরেছি।’





