বিনোদন: আমরা এখনও একসঙ্গেই আছি। আলাদা হওয়ার প্রশ্নই আসে না। নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত এমন কিছু হয়নি। আমি কখনও আলাদা হতে চাই না। তবে অন্তু হঠাৎ করে কেন এমন স্ট্যাটাস দিয়েছে আমি জানি না। কিন্তু এখনও আমরা স্বামী-স্ত্রী। যদি কখনও এমন কিছু আমাদের মধ্যে হয় তাহলে সবাইকে জানাব। স্বামী অর্ণব অন্তুর ইতি টানার স্ট্যাটাস নিয়ে এভাবেই নিউজজিকে বললেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা।
শুক্রবার (৩ ডিসেম্বর) মধ্যে রাতে পূজার স্বামী মডেল-অভিনেতা অর্ণব অন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিখেন, মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।
তবে তখন তাৎক্ষণিকভাবে স্ট্যাটাসের কারণ না জানা গেলেও শনিবার (৪ ডিসেম্বর) এ প্রসঙ্গে কথা বলেন পূজা। তিনি বলেন, আমাদের প্রেমের সংসার। আগামী বছর ভালোবাসার সংসার জীবনের পাঁচ বছর হতে যাচ্ছে। তবে হঠাৎ করে অন্তুর এমন স্ট্যাটাস দেখে আমি বিব্রত হয়েছি। কী কারণে এমন স্ট্যাটাস দিয়েছে আমি জানি না।
পূজা বলেন, অন্তু যদি এমন কিছু চায় তাহলে তো আমাকে জানাতে হবে। পরিবার নিয়ে বসে কথা বলে একটা সমাধানে আসতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার মানে হয় না। ফেসবুক তো সমাধান দিবে না। আমি অন্তুর থেকে কখনও আলাদা হতে চাই না। বাকিটা জীবন একসঙ্গেই কাটিয়ে দিতে চাই। অন্তু যদি আলাদা হতে চান তাহলে তো আমি জোর করে থাকতে পারব না। সেটা তো আমাকে জানাতে হবে। আমার দর্শক-শ্রোতাদের জানাতে চাই, এখনও আমি সবার সঙ্গে অন্তুর স্ত্রী হিসেবেই কথা বলছি।
২০১৬ সালের মাঝামাঝিতে প্রকাশ হওয়া পূজার ‘অবুঝ পাখি’ গানে মডেল হয়েছিলেন অন্তু। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপর তা বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়। ২০১৭ সালে ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে দীর্ঘ দিনের প্রেমিক অর্ণবকে বিয়ে করেন বাঁধন সরকার পূজা।





