২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ডেঙ্গু রোগী নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। তবে এ সময়ে ঢাকার বাইরে নতুন করে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ১৪ জন ভর্তি হলেও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে কেউ ভর্তি হননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০৭ জন এবং ৬১ জন ভর্তি রয়েছেন অন্যান্য বিভাগের হাসপাতালে।

জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯৯ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮৩০ জন।

প্রভাতনিউজ/এবিএস