ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে সিরিয়ার বাশার আল-আসাদ সরকার। এছাড়া মার্কিন সেনা ও প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে সিরিয়ার আসাদ সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সিরিয়ার বাশার আল-আসাদ সরকার জানিয়েছে, বাশার আল-আসাদ সরকারের সামরিক আইন কর্মকর্তা বলেছেন যে তারা মার্কিন সেনা ও প্রশাসনের বিরুদ্ধে মামলা করবেন। মার্কিন সেনারা সিরিয়াতে যে সকল সহিংসতা চালিয়েছে তার বিরুদ্ধে প্রমাণসহ মামলা করার হুমকি দিয়েছে দেশটির সেনা আইন কর্মকর্তা।
এ মামলায় মার্কিন কর্মকর্তাদের জন্য শুধু দণ্ডই চাওয়া হবে না বরং ক্ষতিগ্রস্ত সিরিয়ানদের জন্য ক্ষতিপূরণও চাওয়া হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আদালতে এসব মামলা করা হবে বলে জানিয়েছে আসাদ সরকার।
বাশার আল-আসাদ সরকারের এ বিবৃতি অনুসারে, সিরিয়াতে মার্কিন সেনাদের উপস্থিতি অবৈধ। কারণ, সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র এ দেশটিতে তাদের সামরিক অবস্থান বজায় রেখেছে। এছাড়া সিরিয়াতে মার্কিন সেনাদের ঘাঁটি স্থাপন করতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অনুমতিও নেয়া হয়নি।
সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে (কুর্দি) বিচ্ছিন্নতাবাদ প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্র। একইসাথে এ তথ্যও পাওয়া গেছে যে অনেক উগ্রবাদী আইএস সদস্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। তথ্যসূত্র : মিডল ইস্ট মনিটর।
প্রভাতনিউজ/এবিএস





