যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়জয়কার দেখা গেছে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের। নিজ নিজ অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের ৩ প্রবাসী বাংলাদেশি। জয়ী রাজনীতিকরা হলেন- জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান। অঙ্গরাজ্য পর্যায়ের এই অভূতপূর্ব সাফল্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে বইয়ে দিচ্ছে উৎসবের আমেজ।
নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই উৎসবে মেতে ওঠেন বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসন থেকে আবারও পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলের শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ২০১৮ সালে জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর হিসেবে ইতিহাস গড়েছিলেন, আর এবারও সেই ধারা বজায় রাখলেন।
কানেকটিকাট অঙ্গরাজ্যেও নিজের আসন ধরে রেখেছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী এমডি মাসুদুর রহমান। স্টেট সিনেটের ৪ নম্বর আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান ২০২২ সালে প্রথমবার এই আসনে সিনেটর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছিলেন।
অন্যদিকে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে জয় নিশ্চিত করেছেন রিপাবলিকান প্রথী আবুল বি খান। রকিংহাম ৩০ আসন থেকে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য হিসেবে জয়লাভ করেন পিরোজপুরের এই সন্তান। বহু বছর ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আবুল খানের এই জয় অঙ্গরাজ্যটিতে তাঁর অবস্থানকে আরও সুদৃঢ় করল। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের এমন ধারাবাহিক সাফল্য নতুন মাইলফলক সৃষ্টি করছে।





