কোর্ট বসতে বিলম্ব হবে

ঢাকা: কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। এই রায় ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আলোচিত এই মামলার কার্যক্রম সকালে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন তা পিছিয়ে দুপুরে হওয়ার কথা জানা যাচ্ছে।

পিপি ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কোর্ট বসতে বিলম্ব হবে। মেজর সিনহা হত্যা মামলার কার্যক্রম সকালে শুরু হওয়ার কথা থাকলেও এখন তা দুপুরে হবে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে এ মামলার আসামিদের আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু এখনো তাদের আনা হয়নি। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এই কাজ শেষ হলেই তাদের আদালতে হাজির করা হবে।

তবে তাদের স্বজনরা ইতোমধ্যে আদালতে উপস্থিত হয়েছেন। অপেক্ষা করছেন রায়ের জন্য।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনার পাঁচ দিন পর ওই বছরের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে দ্বিতীয় আসামি করে ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

সাড়ে চার মাস পর ১৩ ডিসেম্বর র‍্যাব-১৫ কক্সবাজারের তৎকালীন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছর ২০২১ সালের ২৭ জুন সব আসামির উপস্থিতিতে বিচারক ইসমাইল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

প্রায় দুই মাস পর ২৩ আগস্ট বাদি শারমিন ফেরদৌসের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলায় মোট সাক্ষী ছিলেন ৮৩ জন। তার মধ্যে নয়জন প্রত্যক্ষদর্শীসহ ৬৫ জনের সাক্ষ্য নিয়ে রায় হতে যাচ্ছে। সর্বশেষ সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম।

প্রভাতনিউজ/এনজে