খেলা: রানের জন্য খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ ভুগতে হলো তারকা বহুল ফরচুন বরিশালকে। গোটা কুড়ি ওভারও খেলতে পারল না সাকিব-গেইলরা। ১৮ ওভার পাঁচ বলে অলআউট হলো ১৪৫ রানে।
দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চমক দেখায় বরিশাল। ওপেনিং করতে পাঠানো হয় দুই ক্যারিবীয় ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোকে।
দুজনেই ব্যর্থ হন সুযোগ পেয়ে। ডোয়াইন ব্রাভো ৯ (৫) রান করে সাজঘরে ফেরেন দ্বিতীয় ওভারে খালেদ আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে।
ক্রিস গেইলকে ও ফেরান খালেদ। বোল্ড হওয়ার আগে ইউনিভার্স বসের ব্যাটে আসে মাত্র ৪ রান। তৌহীদ হৃদয় রান আউটে কাটা পড়েন ৫ রান করে।
এমন অবস্থায় দলের হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল ইসলাম শান্ত। দুজনের জুটি ভাঙে ৭৯ (৫৯) রান যোগ করে সাকিবের বিদায়ে। সাকিব ২৭ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৪১ রান করে ক্যাচ দেন ইয়াসির আলীর হাতে কামরুল ইসলাম রাব্বির বলে।
৪৫ (৪০) রান করা শান্তকে থিসারা পেরেরা ফেরান সাজঘরে। এরপর দিশেহারা বরিশালের হাল ধরতে পারেনি কেউ। নুরুল হাসান করেন ১০, জিয়াউর রহমান করেন ৮, ইরফান শুক্কুর ৬, মুজিবুর রহমান ১২ ও মেহেদী হাসান খুলতে পারেননি রানের খাতা।
খুলনার পক্ষে ৩ উইকেট নেন খালেদ আহমেদ। ২ উইকেট করে নেন কামরুল ইসলাম ও ফরহাদ রেজা। ১ উইকেট নেন থিসারা পেরেরা।
প্রভাতনিউজ/এবিএস





