টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় জেমি সিডন্স

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পা রেখেছেন জেমি সিডন্স। তিনি আজ বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। জানা গেছে তিনি জাতীয় দল ছাড়াও বিসিবি একাডেমির সঙ্গেও যুক্ত থাকবেন।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে এর আগেও দায়িত্বে ছিলেন সিডন্স। তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ক্রিকেটের উত্থানে বড় অবদান রেখেছিলেন তিনি।

২০০৭ সালে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে যান অস্ট্রেলীয় ডেভ হোয়াইটমোর। তাঁর বিদায়ের পর আরেক অস্ট্রেলীয়কে উড়িয়ে আনে বিসিবি। তিনি জেমি সিডন্স। তাঁর অধীনে বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন এসেছিল।

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা কোচ হিসেবে ধরা হয় জেমি সিডন্সকে। দেশের ক্রিকেটকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

বিসিবির পরিচালক জালাল ইউনুস জানান, ‘আমরা চাই সিডন্স জাতীয় দল নিয়ে কাজ করবেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে। অন্য কোথায়ও কাজে লাগানো যায় কি না, সেটা নিয়েও ভাবছি।’

সিডন্সের অধীনে বাংলাদেশ ১৯ টেস্ট খেলে জিতেছে মাত্র দুটিতে, হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচ খেলে ৩১টিতে জয় পায় আর ৫৩টিতে হারে। আর টি-টোয়েন্টিতে আট ম্যাচের ৮টিতেই হারে বাংলাদেশ।

এবিএস