ঢাকা: বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ প্রতিষ্ঠান গ্লাভ কসমসের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এই স্যাটেলাইটটির নির্মাণের অভিযাত্রা শুরু হচ্ছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ রাশিয়া সরকারের সহযোগিতায় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এর ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভজি যুগে প্রবেশ করেছে। আমরা তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে এরই মধ্যে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করেছি, যা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের তৃতীয় অঙ্গীকার ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। এই সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে তার অভিযাত্রা আলোর মুখ দেখল।
এবিএস





