রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো জেলেনস্কির

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই নতুন নতুন শহরে হামলা চালাচ্ছে রাশিয়ান সেনারা। নানান নিষেধাজ্ঞা দিয়েও রুশ আগ্রাসন ঠেকানো যাচ্ছে না।শান্তি ফিরিয়ে আনতে ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ রবিবার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

এক টুইট বার্তায় জেলেনস্কি বলেছেন, রুশ আগ্রাসন নিরসন এবং শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে। সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়রকে মুক্তি দিতে বেনেটের সহযোগিতা চাওয়া হয়েছে। ইউক্রেনের দাবি, ওই শহরের মেয়রকে রুশ সেনারা ধরে নিয়ে গেছে।

এর আগে, গত সপ্তাহে ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পুতিনের সঙ্গে বৈঠকের পরই জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বেনেট।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। তথ্যসূত্র : আলজাজিরা।

প্রভাতনিউজ/এনজে