বিনোদন: ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা আইরিন সুলতানা। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর প্রায় ডজন খানেক সিনেমায় অভিনয় করেছেন আইরিন। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
এদিকে, প্রায় বছর ছুঁইছুঁই আইরিন সুলতানার কোনো হদিস নেই। অনেকেই তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন। নতুন কাজের খবরেও নেই তিনি। ফেসবুকে সচল থাকলেও সেখানে যেন গ্রীষ্মের দুপুরের নীরবতা বিরাজ করছে। গত বছরের সেপ্টেম্বরে জন্মদিনে তিনি সর্বশেষ পোস্ট দিয়েছিলেন।
সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও ভোট দিতে আসেননি আইরিন। প্রার্থীরা তাকে হন্যে হয়ে খুঁজেও দেখা পেতে ব্যর্থ হয়েছিলেন। হঠাৎ করে কেন এই নায়িকার লুকোচুরি? তবে কি আইরিন বিয়ে করে সংসার পেতেছেন? এমন অসংখ্য প্রশ্ন চলচ্চিত্রপাড়া থেকে শুরু করে আইরিন ভক্ত এবং সংবাদকর্মীদের।
জানা গেছে, বর্তমানে নিজ বাসাতেই আছেন আইরিন। তার ফোন নম্বর সচল আছে। তবে মিডিয়ার কারো ফোন ধরছেন না তিনি। সিদ্ধান্ত নিয়েছেন আর সিনেমা না করার। যার কারণে এ অঙ্গন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন। তবে এটি একান্ত ব্যক্তিগত কারণ বলে জানান তিনি।
কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে হয়েছে জানতে চাইলে ব্যক্তিগত ব্যাপার উল্লেখ করে মুখে কুলুপ এঁটেছেন আইরিন। বর্তমানে চাকরি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এ ব্যাপারে জানানোর প্রয়োজন অনুভব করছেন না আইরিন।
হঠাৎ কেন আইরিন নিজেকে সরিয়ে নিলেন রুপালি ভুবন থেকে? উত্তর দিলেন এ নায়িকা। তিনি বলেন, পারিবারিক নয়, নিজের ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ব্যক্তিগত ব্যাপারগুলো ব্যক্তিগত থাকাই ভালো। হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করে নিজেকে সিনেমা থেকে সরিয়ে নিয়েছি। হয়ত আর সিনেমায় দেখা যাবে না।
যোগ করে তিনি বলেন, সিনেমার আসার সময় কাউকে জানিয়ে আসিনি। তাই বিদায় নেয়ার সময় কাউকে জানানোর প্রয়োজন মনে করছি না। এখন আর মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগ হয় না। ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত সময় কাটাতে চাই। তবে কখনো যদি মনে হয় অভিনয় করব তখন আবার কাজ শুরু করব। তবে আপাতত বিরতিতেই থাকতে চাই।
গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ‘চৈত্র দুপুর’ সিনেমার শুটিংয়ের জন্য সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়ান আইরিন। এরপর নিজেকে গুটিয়ে নিয়েছেন রুপালি ভুবন থেকে। তবে সিনেমাটিতে আইরিনের একটি গান বাকি থাকলেও নির্মাতা হদিস পাচ্ছেন না নায়িকার। যা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ।
আমার সিনেমার শুটিং শেষ এখন বাকি কেবল দুটি গান। তার মধ্যে একটি গান আইরিনের। তাকে বলেছিলাম গানটি শেষ করে দিতে কিন্তু সে বলেছেন চিত্রনাট্যে গানের কথা ছিল না। তার এ কথা সত্য নয়; তাকে যে চিত্রনাট্য দেয়া হয়েছে সেখানে গানের কথা উল্লেখ আছে—দাবি ‘চৈত্র দুপুর’ সিনেমার নির্মাতা জেসমিন আক্তার নদীর।
তবে আইরিনের দাবি, সিনেমার পুরো কাজই শেষ করেছেন তিনি। যে গানের কথা বলা হচ্ছে সেটি চিত্রনাট্যে নেই। যার কারণে তিনি কাজটি করছেন না।
মাস খানেক আগেই একটি সিনেমার শুটিং করেছেন আইরিন। তাহলে হঠাৎ দূরে সরে যাওয়ার কারণ কী? স্পষ্ট করে কিছু না বললেও দিয়েছেন ইঙ্গিত। জানিয়েছেন, সিনেমার অঙ্গনের কারো প্রতি তার ক্ষোভ বা নেতিবাচক মনোভাব আছে। সে জন্যই নিজেকে সরিয়ে এনেছেন।
বর্তমানে আইরিন অভিনীত ‘কাগজ’ নামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালন করেছেন জুলফিকার জাহেদী। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রভাতনিউজ/এনজে





