প্রথমবার এক মঞ্চে দুই শাকিব!

দেশের দুই অঙ্গনের দুই সুপারস্টার শাকিব খান ও সাকিব আল হাসান। এর আগে টিভি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও এক মঞ্চে দেখেনি দর্শকরা। এবার সেই অপেক্ষার পালাও শেষ হচ্ছে। প্রথমবারের মতো এক মঞ্চে হাজির হচ্ছেন তারা। এই দুই তারকাকে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে।

জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৯ জুলাই) নিউইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এই দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে আয়োজনটি। এতে টিকেটের দাম রাখা হয়েছে ২০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ২০ হাজার টাকা। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক।

অনুষ্ঠানটি প্রসঙ্গে আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষি রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করছি, সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।