বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: আলাদা কমিশন গঠনের দাবি মহিউদ্দিনের

অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর এবং খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং প্রয়োজনে আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। সকালে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে কলাবাগান থানা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তবে তিনি এ কথা বলেন। তিনি বলেন,  কমিশন গঠন করে হলেও বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।

এসময় কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল বলেন, একটি অপশক্তি বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে কিন্তু আমি বলবো এটি কোনো অপশক্তি নয় বরং প্রকৃত খুনিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খুনিরা সেদিন ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে, হয়ে যাবে শেষ। তারা জানে না, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ব্যক্তি মুজিবকে হত্যা করা যায় কিন্তু তাঁর আদর্শকে হত্যা করা যাবে না। আমরা দলের সাথে আগেও ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ইতিহাসের এক বেদনাবিধুর কলঙ্কজনক দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির মুক্তির পথপ্রদর্শক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে সেদিন হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের বিচার কিছুটা হলেও ঘটনার নেপথ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আজও অধরা। তাই বিভিন্ন সময়ে নানা মহল থেকে এই হত্যাকা-ের পেছনে যারা কলকাঠি নেড়েছিল তাদের চিহ্নিত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। দিন দিন ওই দাবি আরও জোরালো হচ্ছে।