বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে বর্তমান সরকারের আগ্রহের পরিপ্রেক্ষিতে দেশের বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে চিহ্নিত করে লিজ দেওয়া ১০টি পাটকলের মধ্যে দুটি চালু হয়েছে। দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ৬ মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বাকি আটটি পাটকল চালু করা সম্ভব হবে। যেখানে উৎপাদিত ৯০ শতাংশ পণ্যই বিদেশে রফতানি করা হবে। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরো বলেন, এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এরই মধ্যে তিনটি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা দেওয়া হয়েছে। আরো তিনটি জুট মিলের লিজ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৬ মাসের মধ্যেই সবকটি প্রতিষ্ঠান থেকে শতভাগ রফতানিমুখী পণ্য উৎপাদনে সরকার বদ্ধ পরিকর।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বিজেএমসি চেয়ারম্যান সালেহ আহমেদ, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।





