‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা-ছেলে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির এ ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন মিরান ফকির। তার দাবি, তার বৃদ্ধ বাবাকে রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকা সত্ত্বেও ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলে যুক্ত করা হয়। তবে তাদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না, শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।
মিরান ফকির বলেন, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানেও ব্যবসা পরিচালনার সময় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে তাদের মতের মিল পাননি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তাদের পছন্দ নয়।
মিরান ফকিরের অভিযোগ, গতকাল রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তারা মর্মাহত হয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন, এমন প্রশ্নও তোলেন তিনি।
মিরান ফকির বলেন, ‘শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তার রক্ত মিশে রয়েছে।’
তিনি জানান, নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে তারা সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি।
তবে বাবা-ছেলের পদত্যাগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের করা অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।





