শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা—প্রতিটি পর্যায়েই তিনি ছিলেন গণমানুষের পক্ষে সোচ্চার। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ এবং আপসের চেয়ে ন্যায়ের প্রশ্নকে প্রাধান্য দেওয়া এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থানের অধিকারী।
আগামীকাল তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পাঁচ দশক পরও কৃষক-শ্রমিকের অধিকার, অর্থনৈতিক বৈষম্য, গণতন্ত্র, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক অবস্থান নতুন করে আলোচনায় আসছে।
মওলানা ভাসানীর রাজনীতির মূল শক্তি ছিল সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সংযোগ। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের জীবনসংগ্রামকে তিনি রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন। তাঁর কাছে স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জন নয়, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করারও নাম।
ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শরাফত আলী খান এবং মাতা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন। তবে তাঁর চিন্তা ও কর্ম কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য এবং সাধারণ মানুষের বঞ্চনা তাঁকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত করে।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে তিনি খেলাফত ও অসহযোগ আন্দোলনে অংশ নেন। জমিদারি শোষণ, সামন্তবাদ এবং কৃষকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।
বিশেষ করে আসামে বাঙালি কৃষকদের জমি, বসতি ও জীবিকার অধিকার রক্ষায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আসামের ‘লাইন প্রথা’র বিরুদ্ধে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। আসামের ভাসানচর এলাকায় তাঁর কৃষক আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডের সূত্রেই ‘ভাসানী’ নামটি পরিচিত হয়ে ওঠে।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতি, অর্থনৈতিক শোষণ এবং পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক অধিকার হরণের বিরুদ্ধে তিনি শুরু থেকেই সোচ্চার ছিলেন। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার প্রশ্নেও তিনি বাঙালির জাতীয় চেতনার পক্ষে অবস্থান নেন।
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয় ছিল পূর্ব বাংলার মানুষের অধিকার ও স্বায়ত্তশাসনের দাবির পক্ষে এক গুরুত্বপূর্ণ গণরায়। এই বিজয়ে তাঁর সাংগঠনিক দক্ষতা ও গণভিত্তি উল্লেখযোগ্য অবদান রাখে।
তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৫৭ সালের কাগমারী সম্মেলন। টাঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত এই সম্মেলনে পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য ও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর আধিপত্যের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানান। সম্মেলনে তাঁর ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণকে পূর্ব বাংলার সম্ভাব্য রাজনৈতিক বিচ্ছিন্নতার ইঙ্গিত হিসেবে ইতিহাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
তিনি ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। এই দলকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদবিরোধী, সামন্তবাদবিরোধী ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখেন। তাঁর রাজনৈতিক দর্শনে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার, সাম্য ও শোষিত মানুষের মুক্তির আকাক্সক্ষার সমন্বয় ছিল। এ কারণে অনুসারীদের কাছে তিনি ‘লাল মওলানা’ হিসেবেও পরিচিত ছিলেন।
আইয়ুব খানের সামরিক শাসনামলে গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের দাবিতে তিনি আন্দোলন গড়ে তোলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামরিক শাসনবিরোধী সংগ্রামকে বেগবান করেন। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তিকে তিনি প্রকৃত স্বাধীনতার অপরিহার্য শর্ত হিসেবে বিবেচনা করতেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে আবারও সাধারণ মানুষের অধিকার ও রাষ্ট্রের জবাবদিহির প্রশ্নে সক্রিয় হন।
স্বাধীন বাংলাদেশেও তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জনগণের অধিকার, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য এবং গণতান্ত্রিক জবাবদিহির দাবি জানান। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তাঁর অনশন কর্মসূচি সাধারণ মানুষের জীবনসংগ্রামের প্রতি তার দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।
আন্তর্জাতিক রাজনীতিতেও তিনি ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী সোচ্চার কণ্ঠ। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নিপীড়িত মানুষের প্রতি তাঁর সংহতি ছিল সুপরিচিত।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ের অন্যতম স্মরণীয় ঘটনা ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবের প্রতিবাদে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট অভিমুখে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি। এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ঘটে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রশ্নকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে এই লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যক্তিজীবনে অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন মওলানা ভাসানী। দীর্ঘ রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ নেতৃত্বের অবস্থানে থাকলেও ব্যক্তিগত ভোগবিলাসের প্রতি তার আকর্ষণ ছিল না। সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের দুঃখ-দুর্দশা শুনতেন এবং অধিকার আদায়ের আন্দোলনে সরাসরি অংশ নিতেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি ও আদর্শকে ধারণ করে টাঙ্গাইলে প্রতিষ্ঠিত হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সন্তোষে তাঁর সমাধিস্থল আজও অনুসারী, রাজনৈতিক কর্মী, গবেষক ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের স্থান।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ উপলক্ষে জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করা হয়েছে।
অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা শুরু হয়েছে। এটি আগামীকাল ১৭ নভেম্বর শেষ হবে।
দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, মওলানা ভাসানী ছিলেন মাটির গভীর থেকে উঠে আসা গণমানুষের নেতা। তাঁর জীবনের প্রতিটি ধাপ ছিল একেকটি সংগ্রাম। শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে তিনি আজীবন কাজ করে গেছেন।
তিনি বলেন, ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও এ দেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশ ও মওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা। তিনি ক্ষমতার রাজনীতি করেননি, বরং রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন।
আবদুল হাই শিকদার আরো বলেন, ‘কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তাঁর দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর সংগ্রাম এবং বিশ্বশান্তির পক্ষে অবস্থান বর্তমান প্রজন্মের কাছেও অত্যন্ত প্রাসঙ্গিক। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী তাঁর সংগ্রাম, আদর্শ ও কর্মের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’





