প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-শ্রমিকদের ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪ টায় এই ভিডিও কনফারেন্স শুরু হয়। শুরুতে পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক অনুষ্ঠানের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। সেখানে হাজির হবেন সিলেট জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। মজুরি বাড়ানোর পরদিন ২৮ আগস্ট থেকে কাজে যোগ দেন চা শ্রমিকরা।





