বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ নভেম্বর

আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন নির্ধারণ করেন।

অসুস্থ থাকার কারনে আজ খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। এরপর তার আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পরবর্তী শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।