জমকালো আয়োজনে এশিয়ান স্টার অ্যাওয়ার্ড প্রদান

জমকালো আয়োজনের মধ্যদিয়ে দেওয়া হলো এশিয়ান স্টার অ্যাওয়ার্ড- ২০২২। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে এশিয়ান কালচারাল কমিউনিটি অফ বাংলদেশ (এসিসিবি)। 

এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠানে দেশের খ্যতিমান তারকা শিল্পীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। সভাপতিত্ব করেন অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান কবি শাহীন রেজা। 

প্রধান অতিথির বক্তব্যে শেখ সাদী খান বলেন, কাজের মূল্যায়নের ক্ষেত্রে যেকোনো পুরস্কার একজন আদর্শ মানুষকে পথ চলায় সাহসী এবং দ্বায়িত্বশীল করে তোলে। তাই সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কাজের স্বীকৃতি প্রদানে এমন আয়োজনের কোনো বিকল্প নেই। 

সোহানুর রহমান সোহান বলেন, অপসংস্কৃতিরোধে দেশে এমন আয়োজনে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা দানে এগিয়ে আসতে হবে। নতুন নতুন সৃষ্টিশীল কাজের জন্য প্রজন্মকে সহযোগিতার মাধ্যমে কাজে উৎসাহী করতে হবে। 

এসিসিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কণ্ঠশিল্পী পথিক সবুজের গ্রন্থণা ও পরিচালনায় এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরীতে মোট ১৬ জন তারকা শিল্পীকে এশিয়ান স্টার অ্যাওয়ার্ড- ২০২২ প্রদান করা হয়।