ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করা সেতুতে শক্তিশালী বিস্ফোরণে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে পানির নিচে যাবেন ডুবুরিরা। গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সেতুটিতে বিস্ফোরণ ঘটে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাট খুশনুলিনকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, আজ স্থানীয় সময় রবিবার ভোর ৬টা থেকেই ডুবুরিদের কাজ শুরুর কথা। বিস্ফোরণের কারণ–সম্পর্কিত বিশদ জরিপকাজ আজকের মধ্যেই শেষ করার কথা রয়েছে।
ক্রিমিয়ায় ক্রেমলিনের নিয়োগ করা গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য। এটা অপ্রীতিকর হলেও খুব বেশি মারাত্মক নয়। এ নিয়ে আবেগ এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছাও কাজ করছে।
আগেও রাশিয়া হুমকি দিয়েছিল, ওই সেতুতে কোনো আক্রমণ হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। সেতুটিতে বিস্ফোরণে ক্ষতির ঘটনায় ইউক্রেন উচ্ছ্বাস প্রকাশ করেছে।
তবে সেতুতে হামলার দায় সরাসরি স্বীকার করেনি ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাক বোমা ব্যবহার করে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে।





