চোখের সামনে স্বামীকে ৯৮ বার ডায়ালাইসিস সেশনের মধ্য দিয়ে যেতে দেখেছেন। প্রতিনিয়ত এমন দৃশ্য দেখার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিলো না স্ত্রীর জন্য। তাই স্বামীর এ কষ্ট দূর করতে নিজের একটি কিডনি দান করে দেন স্ত্রী।
কথায় আছে ভালোবাসা অমর। ভালোবাসা যদি আসল হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখতে নিজেকে বিলিয়ে দিতেও পরোয়া করে না মানুষ। ঠিক এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন ভারতীয় এক দম্পতি।
সম্প্রতি টুইটারে ওই দম্পতির সন্তান লিও বাবা-মায়ের মধ্যকার এ অসাধারণ ভালোবাসার গল্প তুলে ধরেন। তা নিয়ে প্রতিবেদন করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এক টুইটে লিও বলেন, আমার বাবাকে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস সেশনের মধ্য দিয়ে যেতে হতো। পুরো সেশনটি শেষ হওয়ার জন্য আমার মাকে ৫-৬ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হতো। একপর্যায়ে বাবাকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করে দেন মা। এর চেয়ে ভালো কোনো প্রেমকাহিনী আমার জানা নেই।
লিও আরও জানান, পুরো প্রক্রিয়াটির জন্য তার পরিবারের ১৫ হাজার রুপিরও কম খরচ হয়েছে। পুরো ব্যয়ের ৯৯ শতাংশই বহন করেছে বিমা কোম্পানি।





