ইমরান খানকে ‘ঘড়িচোর’ খেতাব দিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা রানা সানাউল্লাহ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সভাপতি ইমরান খানকে ‘ঘড়িচোর’ খেতাব দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের তিনি ইমরান খানকে দেখা মাত্রই ‘ঘড়িচোর’ স্লোগান দিতে নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি ইমরানের সাম্প্রতিক তোশাখানা মামলার দিকে ইঙ্গিত করে বলেন, পিএমএল-এন কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে— এখন থেকে যেখানেই ইমরান খানকে দেখা যাবে, সেখানেই যেন তারা ‘ঘড়িচোর’ স্লোগান দেয়।

উল্লেখ্য, ইমরান খান সম্প্রতি তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের কাছ থেকে পাওয়া উপহারের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করেননি। আইন অনুযায়ী, প্রেসিডেন্ট, মন্ত্রী, আইনপ্রণেতা বা সরকারের পদস্থ কর্মকর্তারা বিদেশিদের কাছ থেকে কোনো উপহার পেলে তা অবশ্যই রাষ্ট্রীয় তোশাখানায় জমা দিতে হবে। পরে তোশাখানা থেকে এসব উপহার তারা কিনে নিতে পারবেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি উপহার সামগ্রী ইমরান খান তোশাখানায় জমা দেননি এবং গোপনে বিক্রি করেছেন। উপহারের মধ্যে কিছু দামি হাতঘড়িও ছিল, যেগুলোর আনুমানিক মূল্য ১৪ কোটি ২০ লাখ রুপি।