প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর থেকেই সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন জামাল ভুঁইয়া। চার মৌসুম ধরে ছিলেন দলটির অধিনায়ক। বকেয়া পাওনার জন্য সেই দলের বিরুদ্ধেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে অভিযোগ জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক।
বকেয়া পাওনা পরিশোধের আর্জি জানিয়ে গত ২ নভেম্বর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বরাবর চিঠি পাঠান জামাল।
২০২১-২২ মৌসুমের ফেব্রুয়ারি, মার্চ ও জুলাই মাসে তাঁর পাওনা ১৬ লাখ ৫০ হাজার টাকা এখনো পরিশোধ করেনি সাইফ স্পোর্টিং।
চিঠিতে বলা হয়েছে, ‘বকেয়া পারিশ্রমিকের জন্য আমি গত ২ নভেম্বর সাইফের সভাপতি তরফদার সাইফ, তরফদার রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি এবং ম্যানেজার শাহেদুল আলম শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তাঁরা কোনো সাড়া দেননি। আমি বিচার চাই। আমি আশা করব বাফুফে ফিফার আইন মেনে এই সমস্যার সুরাহা করবে। ’
আজ (বুধবার) এক ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘চুক্তিতে থাকা এমন অনেক খেলোয়াড় আছে যারা এক মিনিটও না খেলে সাইফের কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পারিশ্রমিক পরিশোধ করা হচ্ছে না। গত তিন মাসে তাঁরা অন্য খেলাতে টাকা বিনিয়োগ করেছে কিন্তু আমার পাওনা পরিশোধে তাদের ইচ্ছার অভাব দেখা যাচ্ছে। ’
এ মৌসুমে দল গঠন করেনি সাইফ স্পোর্টিং ক্লাব। ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। জামাল ভুঁইয়াও খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। এ মৌসুমে জামাল খেলবেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলন করছেন এই মিডফিল্ডার।





