ইউরোপের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সবশেষ গত মঙ্গলবার (২ জুন) রাতে তারকা ফুটবলার হামজা চৌধুরী স্কোয়াডে যোগ দেওয়ায় এখন পূর্ণাঙ্গ শক্তি নিয়ে অনুশীলনে নেমেছেন জামাল ভূঁইয়ারা। সব সদস্যের উপস্থিতিতে সান মারিনোর কন্ডিশনে এখন পুরোদমে চলছে রণকৌশল সাজানোর কাজ।
আগামী ৫ জুন স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে গত সোমবারই ইউরোপের এই দেশটিতে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার সান মারিনোতে পৌঁছানোর পরপরই দলে যোগ দেন প্রবাসী ফুটবলার সামিত সোম। এরপর গভীর রাতে ক্যাম্পে এসে পৌঁছান জায়ান আহমেদ এবং পরদিন বিকেলেই তিনি নেমে পড়েন অনুশীলনে। সবশেষে হামজা চৌধুরী যুক্ত হওয়ায় দলের সবাই এখন ক্যাম্পের অংশ। সেইসঙ্গে প্রথমবার কোচ টমাস ডুলির সঙ্গেও দেখা হয় হামজা চৌধুরীর।
দীর্ঘ ২৪ ঘণ্টার ক্লান্তিকর এক ভ্রমণ শেষে প্রথম দিনটি ফুটবলাররা কাটান হালকা রিকভারি সেশনের মধ্য দিয়ে। তবে এর পরদিন থেকেই শুরু হয় পুরোদস্তুর স্কোয়াড অনুশীলন।
সান মারিনোর দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া ফুটবলারদের জন্য কিছুটা পরীক্ষা নিলেও তা ইতিবাচক হিসেবেই দেখছেন দলের ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘গতকালের অনুশীলনে বেশ ঠান্ডা অনুভব করলেও আজ কিন্তু তীব্র গরম ছিল, যা অনেকটা বাংলাদেশের আবহাওয়ার মতোই।পর পর দুই দিন সম্পূর্ণ ভিন্ন দুই ধরনের আবহাওয়ার অভিজ্ঞতা হলো আমাদের।’
বাংলাদেশ ও সান মারিনোর সময়ের ব্যবধান ৪ ঘণ্টা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) মাঠে নামে দল। প্রায় ৯০ মিনিটের নিবিড় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ফুটবলাররা।





