দুর্ঘটনার পোস্ট মুছে দিয়ে ফারিণের দুঃখ প্রকাশ!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণিবিতানে বাবার সঙ্গে শপিং করতে যান ফারিণ।

ওই মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় সিঁড়ির একটি রড বের হয়ে অভিনেত্রীর পায়ের মাংসে ঢুকে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয় ফারিণের পায়ে। পরে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। বর্তমানে চিকিৎসাধীন শেষে কিছুটা সুস্থের পথে তিনি।

এদিকে ঘটনার দুই দিনের মাথায় এসে আবারও নতুন পোস্ট দিয়েছেন ফারিণ। আগের স্ট্যাটসটি মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

একটা ঘটনা ঘটলে সে ঘটনার পেছনেও অনেক ঘটনা ও কারণ থাকে। তাৎক্ষণিকভাবে হয়তো সবটা উপলব্ধি করা সম্ভব হয় না ।তবে পরবর্তীতে অনেক কিছু খোলাসা হয়। আমার পূর্ববর্তী স্ট্যাটাস আমি ডিলিট করে দিয়েছি। কারণ, সেটা শুধুমাত্র গতকাল পর্যন্ত হয়ে যাওয়া ঘটনার ভাষ্য ছিল এবং দুর্ঘটনা হওয়ার পরবর্তী ঘটনাগুলোর আরেকটা দিক আমার স্ট্যাটাসের পর সামনে এসেছে।

ফারিণ আরও লেখেন, ঘটনা পরবর্তী যে সকল কার্যক্রম নিয়ে আমার অভিযোগ ছিল তার বেশির ভাগই তৃতীয় পক্ষ দ্বারা সংঘটিত। মধ্যম ব্যক্তি আমাদেরকে এসে একটা কথা বলেছেন এবং ম্যানেজমেন্টকে আমাদের নামে বানিয়ে মিথ্যা কথা বলেছেন। শুক্রবার হওয়ার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবাই ছুটিতে ছিলেন এবং সদ্য চলতি মাসে জয়েন করা সে কর্মচারীর কারণে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। যা ওই কর্মকর্তার পাঠানো whatsapp মেসেজগুলো দেখে আরও পরিষ্কার বুঝতে পারি। গত রাতে প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্তদের কথা বলে আমার ভালো লেগেছে। একজন কর্মকর্তার জন্য পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করাটা ঠিক না এবং এ ব্যাপারে হয়তো আমার আরেকটু বোঝার প্রয়োজন ছিল। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে বিষয়টি এত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য। ধন্যবাদ আমার বাসায় এসে সেসব ভুল-বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য। আসলে আমার জন্য ব্যক্তিগত সম্মানের জায়গাটা অনেক বড়। সেটা নিশ্চিত করতে আপনারা যা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। যমুনা ফিউচার পার্কে আমিসহ অনেকেই নিয়মিত শপিং করতে যাই। আশা রাখছি যেসব জায়গায় কমতি রয়েছে সেগুলোর সমাধান করে ক্রেতাদের একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

এর আগে তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে আছি। দুই পায়েই মারাত্মক আঘাত পেয়েছি। বেশ ক্ষত হয়েছে আমার পায়ে। হাসপাতালে আমার চিকিৎসা চলছে। তবে এখন ভালো আছি।’

উল্লেখ্য, ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফারিণ অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় পর্ব। এ ছাড়া ‘আরও এক পৃথিবী’ শিরোনামের কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।