চেনা ছন্দে তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমারের চিকিৎসাজনিত দীর্ঘ ৯ মাসের বিরতি কাটিয়ে অবশেষে চেনা ছন্দে ফিরেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নির্মাতা ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে সম্প্রতি শুটিংয়ে ফিরলেন এই অভিনেত্রী। দুই দফা জটিল অস্ত্রোপচার ও কেমোথেরাপির পর চিকিৎসকদের সবুজ সংকেত পেয়ে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

এর আগে একই পরিচালকের ‘বাবাও মানুষ’ নাটকে ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি একসঙ্গে অভিনয় করেন। নাটকটি প্রচারের পর ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। পারিবারিক গল্পের নাটকটিতে সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি গুরুত্ব পেয়েছে নারীর উত্তরাধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়গুলো। বাবাহারা মেয়েদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার প্রবণতা এবং আপনজনদের অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াইই নাটকটির মূল উপজীব্য।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নির্মাতা রনি বলেন, ‘অংশীদার আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।’

চলতি বছরের শুরুর দিকে হুট করেই অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে মস্তিষ্কের জটিল টিউমার। খবরটি জানার পর থমকে যায় তার গোছানো ক্যারিয়ার ও স্বাভাবিক জীবন। গত কয়েক মাসে তাকে পার হতে হয়েছে অত্যন্ত কঠিন সময়। এর মধ্যে দু-দুটি বড় অস্ত্রোপচার এবং দফায় দফায় কেমোথেরাপির অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থা নিয়ে নানা গুঞ্জন ও ভুয়া খবর ছড়ালেও, সব আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন।

চিকিৎসকদের কঠোর নিয়মের মধ্যে থেকে শারীরিক অবস্থার উন্নতি হতেই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। নির্মাতা ইকসান রনির বিশেষ নাটক ‘অংশীদার’-এর গল্পটি তাকে এতটাই ছুঁয়ে যায় যে, এটি দিয়েই নতুন ইনিংস শুরু করার লোভ সামলাতে পারেননি। নাটকটির সামাজিক বার্তা ও গভীরতা তাকে মানসিকভাবে আরও চাঙ্গা করে তুলেছে। শুটিং সেটে সহশিল্পী এবং কলাকুশলীদের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।

শুটিংয়ের প্রথম দিন থেকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে। চিরচেনা সেই হাসি আর অভিনয়ের প্রতি একাগ্রতা একটুও কমেনি। সহকর্মীদের মতে, দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ালেও তার অভিনয়ে কোনো জড়তা ছিল না। বরং জীবনের এত বড় ধাক্কা সামলে ওঠার পর তার অভিনয়ে এক ধরনের পরিপক্বতা ও গভীরতা লক্ষ্য করা গেছে।

কঠিন এই দিনগুলোতে যারা তার পাশে ছিলেন, নিয়মিত খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন- তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তানিয়া। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী, তাসমিয়াহ টিনা, নন্দী প্রমুখ।

নাটকটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’। টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।