বিশ্বের সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর তালিকায় শাহরুখ খান

বিশ্বের সর্বকালের সেরা ৫০ জন অভিনয়শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের মেগাস্টার শাহরুখ খান। যুক্তরাজ্যের স্বনামধন্য ও সর্বাধিক জনপ্রিয় ‘এম্পায়ার ম্যাগাজিন’-এর করা এই তালিকায় ভারতীয় একমাত্র অভিনেতা হিসেবে জায়গা পেয়েছেন শাহরুখ খান।  

বলিউডের বাদশা নামে পরিচিত শাহরুখ বিশ্বের স্বনামধন্য তারকাদের সাথে জায়গা করে নিয়েছেন এক ফ্রেমে। রবার্ট ডি নিরো, মেরিলিন মনরো, মেরিল স্ট্রিপ, লিওনার্দো ডিক্যাপ্রিও, হিথ লেজার, টম ক্রুজ সহ বিশ্বব্যাপী সমাদৃত তারকাদের তালিকায় এই সম্মানজনক খেতাব অর্জনকারী একমাত্র ভারতীয় অভিনেতা তিনি।

তালিকায় ভায়োলা ডেভিস, নাটালি পোর্টম্যান, টম হার্ডি মাইকেল কেইন সহ অনেক গুণী ও বিশ্বমানের তারকারা রয়েছেন।  

এম্পায়ার ম্যাগাজিনের এই তালিকাটি একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে তৈরি করা হয়েছে। ম্যাগাজিনটি পাঠকদের প্রতি ভোটের আহ্বান জানিয়েছিল সর্বকালের সেরা অভিনেতা নির্বাচনে। রূপালী পর্দার যেসব তারকা নিজস্ব অভিনয় শৈলীর জন্য বিখ্যাত, বিশ্ব চলচ্চিত্র ও ভক্তকুলে যাদের অবস্থান অনন্য এবং যাদের প্রতিভা কখনই নকল করা যায় না- এমন তারকাদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাঠকদের ভোটের মাধ্যমেই তৈরি হয় এই তালিকা।  

শাহরুখকে সম্মান জানিয়ে ম্যাগাজিনটি একটি বার্তা প্রকাশ করেছে যেটিতে লেখা ছিল, “মার্ভেলের প্রিয় মুভি তারকার এমন একটি বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে যা এখন চার দশকের কাছাকাছি। অসংখ্য হিট এবং প্রায় বিলিয়ন ফ্যানবেজ রয়েছে তার। তার নৈপুণ্যের ক্যারিশমা এবং নিখুঁত দক্ষতা ছাড়া তিনি এমন অভিনয় জীবন গড়তে পারেননি। প্রায় প্রতিটি জনরায় তিনি অনবদ্য। এমন কিছু নেই যা তিনি করতে পারেন না!”

এদিকে শাহরুখ খানের দীর্ঘ সময়ের ম্যানেজার পূজা দাদলানিও কিং খানের ফিচারের ছবিটি শেয়ার করে খবরটি ঘোষণা করেছেন। পূজা লিখেছেন, ‘সর্বকালের ৫০ জন সেরা অভিনেতার সাম্রাজ্যের তালিকায় একমাত্র ভারতীয়, আমাদের সবসময় গর্বিত করেন যিনি। ”

এম্পায়ারের সেরা ৫০ অভিনয়শিল্পীর তালিকায় আরো রয়েছেন কেট উইন্সলেট, টিল্ডা সুইনটন, জোয়াকিন ফিনিক্স, জুলিয়ানা মোর, এন্থনি হপকিন্স, গ্যারি ওল্পম্যান, মিশেল উইলিয়ামস, ক্রিশ্চিয়ান বেলের মতো তারকারা।  

এদিকে দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ দিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান। বহুল প্রত্যাশিত সিনেমাটি ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এতে শাহরুখের সঙ্গে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি প্রযোজনা করছে ভারতের শীর্ষ প্রযোজনা সংস্থা ‘যশ রাজ প্রোডাকশন। ’