নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ বললেন কারিনা


বর্তমান সময়ের অভিনেতাদের মধ্যে কে এক নম্বর—করণ জোহরের এমন প্রশ্নে নিজের নামই বললেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ মৌসুমের চতুর্থ পর্বের টিজারে দেখা গেছে, স্বামী সাইফ আলী খানকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন তিনি।

সেখানে করণের সঙ্গে নানা মজার কথোপকথনে অংশ নিতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

সম্প্রতি প্রকাশিত টিজারে কারিনা জানান, শোটির শেষ মৌসুম নিয়ে তিনি বেশ খুশি ও স্বস্তিতে আছেন। কারণ, এরপর আর তাদের বারবার এই অনুষ্ঠানে আসতে হবে না। তার কথার জবাবে করণও মজা করে প্রতিক্রিয়া জানান।

এ সময় সাইফ নিজেকে এই শোর জন্য ‘মিসকাস্ট’ বলেও মন্তব্য করেন।
স্ত্রীর উত্তরে সাইফের মজা

টিজারের একপর্যায়ে করণ কারিনাকে প্রশ্ন করেন, বর্তমান সময়ের অভিনেতাদের মধ্যে এক নম্বর কে? উত্তরে নিজের নামই বেছে নেন কারিনা। স্ত্রীর এমন আত্মবিশ্বাসী উত্তরের পর সাইফ মজা করে বলেন, অন্য অভিনেতাদের প্রশংসা করার অনুমতিও কারিনার রয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানের একটি গেমিং রাউন্ডেও মজার পরিস্থিতি তৈরি হয়।

সেখানে ‘কে’ অক্ষর দিয়ে শুরু হওয়া অভিনেতাদের নাম বলতে বলা হলে সাইফ হঠাৎ ‘কবিতা’ নামটি বলেন। পরে নিজের উত্তরকে সমর্থন করে তিনি মজা করে বলেন, ‘কবিতা’ নামে কেউ একজন তো থাকতেই পারেন!

‘কফি উইথ করণ’-এ এর আগেও একসঙ্গে হাজির হয়েছিলেন কারিনা ও সাইফ। ২০১০ সালে শোটির তৃতীয় মৌসুমে দম্পতি হিসেবে অংশ নিয়েছিলেন তারা। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম মৌসুমেও একসঙ্গে দেখা গেছে তাদের।

গত ৩০ সেপ্টেম্বর আবেগঘন একটি ভিডিও প্রকাশ করে শোটির শেষ মৌসুমের ঘোষণা দেন করণ জোহর।

অনুষ্ঠানের সঙ্গে ২২ বছরের সম্পর্কের স্মৃতিচারণা করেন তিনি। জানান, ২০০৪ সালে শোটির পরিকল্পনা বাবার কাছে তুলে ধরলে প্রযোজক যশ জোহর এর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

করণ বলেন, বন্ধু, পরিবার, প্রেমিক-প্রেমিকা—এমনকি পরবর্তী সময়ে সাবেক প্রেমিক-প্রেমিকারাও এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। শোটিকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বলিউডের স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্কেও বারবার উঠে এসেছে তার নাম। এত কিছুর পরও অনুষ্ঠানটি তাকে অনেক স্মৃতি ও অভিজ্ঞতা দিয়েছে বলে জানান করণ।